দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিল করোনা

শুক্রবার (১৫ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


স্বাস্থ্য বুলেটিনে ঢাকা ও ঢাকার বাইরের ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও রেকর্ড সংখ্যক ৯ হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।


তিনি জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৯ জন সুস্থ হয়েছেন। এছাড়া গতকাল ভুলক্রমে সুস্থ হয়ে বাড়ি ফেরাদের সংখ্যা জানানো হয়নি। গতকাল সুস্থ হয়েছিলেন ২৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৮২ জন করোনা রোগী।


ডিসেম্বরে প্রাদুর্ভাব শুরুর পর থেকে বেশিরভাগ দেশই ভাইরাসটিতে তেমন পাত্তা দেয়নি। অনেক দেশই ধারণা করেছিল, এটি চীনা ভাইরাস এবং এর সংক্রমণ হয়তো ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে পড়বে না। এজন্য সেখানকার দেশগুলো তেমন কোনো পদক্ষেপও নেয়নি। ফলও দিতে হচ্ছে তাদের। কারণ সংক্রমণ সংখ্যার দিক থেকে প্রথম দেশগুলোর তালিকার মাঝেই নেই চীন।



Comments