নারায়ণগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ পাবে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১ লাখ ২০ হাজার পরিবার

নারায়ণগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ পাবে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১ লাখ ২০ হাজার পরিবার। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তার এ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জেলার ৫টি উপজেলার করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া জেলার ৭০ হাজার ও সিটি করপোরেশনের ৫০ হাজার পরিবারের মাঝে আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ অর্থ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী জানান, জেলার ৫টি উপজেলার ৭০ হাজার ও সিটি করপোরেশনের ৫০ হাজারসহ মোট ১ লাখ ২০ হাজার পরিবারের মাঝে ঈদুল ফিতরের আগে এককালীন আড়াই হাজার টাকা করে বিতরণ করা হবে। ভাতা পাওয়ার তালিকায় আছেন- স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ-শ্রমিক, কৃষক, দোকানের কর্মচারী, শ্রমিকসহ নিম্নআয়ের নানা পেশার মানুষ। তালিকাভুক্তদের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিউর ক্যাশের মাধ্যমে সরাসরি চলে যাবে এই টাকা উপকারভোগীদের কাছে। ফলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। এই টাকা উত্তোলন করতে ভাতাভোগীদের কোনো খরচ দিতে হবে না। তা সরকার বহন করবে।



Comments